রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব গাজী আতাউর রহমান মনে করেন, ফ্যাসিবাদের পতনের পরপরই তাঁর পদত্যাগ প্রত্যাশিত ছিল, তবে রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি এতদিন বঙ্গভবনে বহাল ছিলেন।
আজ শুক্রবার এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, "অবশেষে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগকে স্বাগত জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।"
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকলেও বর্তমান সংবিধান অনুযায়ী তাঁর ক্ষমতা কার্যত সীমিত, যা রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্যকে ক্ষুণ্ন করেছে। গাজী আতাউর রহমান জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং জুলাই জাতীয় সনদেও এর কিছু প্রতিফলন রয়েছে।
নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে গাজী আতাউর রহমান বলেন, "নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে কেবল ব্যক্তি নির্বাচন নয়, সাংবিধানিক কাঠামো ও রাষ্ট্রের প্রয়োজনীয় ভারসাম্যের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।"
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে এমন একজন ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি, যিনি প্রয়োজনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো কার্যকরভাবে পালন করতে সক্ষম হবেন।