দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদের নিজ সংসদীয় আসন ভোলায় আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ জুলাই) রাতে পৌনে ৮টার দিকে (ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন) আসনের লালমোহন উপজেলা বিএনপির আয়োজনে দলটির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বেরিয়ে উপজেলা শহর ঘুরে চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় মিছিলে যোগ দেন বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকশো নেতাকর্মী। মিছিলে 'হাফিজ ভাই, হাফিজ ভাই'সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা শহর।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মিছিল পরবর্তী সমাবেশে লালমোহন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দীর্ঘায়ু কামনায় আগামীকাল (শনিবার) স্থানীয় মসজিদগুলোতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়ার আয়োজন করবেন। এ ছাড়া হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলেও আশা ব্যক্ত করেন বিএনপি নেতাকর্মীরা।
মিছিলে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু প্রমুখ উপস্থিত ছিলেন।