খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি ও শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর অন্য যাত্রীদের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ জসিম (৩৫), তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকার মৃত তোফায়েল আহমেদের ছেলে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে বাড়ির উদ্দেশ্যে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে ওঠেন ওই শিক্ষার্থী। তিনি বাসের সামনের একটি আসনে বসেন। অভিযোগ অনুযায়ী, তাঁর পেছনের আসনে বসা যাত্রী সিগারেট ফেলার অজুহাতে তাঁর শরীরে স্পর্শ করেন। শিক্ষার্থী এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাঁর সঙ্গে অসদাচরণ করেন এবং হুমকি প্রদান করেন। পরবর্তীতে অন্য যাত্রীদের হস্তক্ষেপে অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানসহ হাটহাজারী এলাকায় বাস থেকে নেমে যান।
তবে এর কিছুক্ষণ পর ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য বাসটি থামলে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে পুনরায় বাসে ওঠেন। এরপর তিনি ওই শিক্ষার্থীর চুল ধরে টান দেন এবং তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে যাত্রী, চালক ও সহকারীর সহায়তায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী মুক্তকণ্ঠকে বলেন, "আমি বাসের জানালার পাশে বসেছিলাম। এ সময় পেছনে বসা ব্যক্তি সিগারেট ফেলার অজুহাতে আমার শরীর স্পর্শ করেন। আমি ও অন্য যাত্রীরা এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি আমাকে বিভিন্নভাবে হুমকি দেন। পরে একবার তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়া হলেও ফটিকছড়িতে পৌঁছানোর পর তিনি আবার বাসে উঠে আমার চুল ধরে টান দেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন।"
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা জানান, ঘটনার সময় ওই শিক্ষার্থী একাই খাগড়াছড়িগামী লোকাল বাসে বাড়ি ফিরছিলেন। হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে এবং যাত্রীদের হস্তক্ষেপে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান মুক্তকণ্ঠকে বলেন, "এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।"