সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং মোটরযান সংক্রান্ত কিছু আইন ও নীতিমালা সংশোধনের দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানববন্ধন করেছে ভেহিকেল অ্যালায়েন্স ফর রোড সেফটি (ভিএআরএস)। আজ শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন কার কমিউনিটি, বাইক কমিউনিটি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া এই মানববন্ধন থেকে সড়কে অবৈধ যানবাহন উচ্ছেদ এবং ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সাথে সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সাধারণ মানুষের স্বেচ্ছাসেবী সহযোগিতার সুযোগ নেওয়ার প্রস্তাব দেয় ভিএআরএস। এছাড়া সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়ের পাঠ্যক্রমে ট্রাফিক শৃঙ্খলা বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
মোটরযান ব্যবস্থাপনার বিষয়ে ভিএআরএস তাদের নির্দিষ্ট কিছু দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে—‘আয়কর আইন, ২০২৩’ ও ‘অর্থ আইন, ২০২৬’-এর অধীনে মোটরযানের ওপর অগ্রিম আয়করের বাধ্যবাধকতা বাতিল করে সংশ্লিষ্ট ধারা সংশোধন এবং অতিরিক্ত পরিশোধ করা অগ্রিম আয়কর ফেরতের (রিফান্ড) বিধান কার্যকর করা। এছাড়া একাধিক গাড়ির মালিকের ওপর আরোপিত ‘পরিবেশ সারচার্জ’ বাতিল করার দাবি জানানো হয়েছে।
সংগঠনটি আরও দাবি করেছে যে, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ফিটনেস নির্ধারণের ক্ষেত্রে বয়সের পরিবর্তে শুধুমাত্র বৈজ্ঞানিক পরীক্ষার ভিত্তি গ্রহণ করতে হবে। পাশাপাশি নিরাপত্তা ও পরিবেশের ক্ষতি না হলে যানবাহনের পরিবর্তন (মডিফিকেশন) অনুমোদনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এই বিষয়ে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী অনুমোদন প্রক্রিয়া কার্যকর করতে বিআরটিএকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।