বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানতে পেরেছি। তবে অসুস্থতার অজুহাতে তাকে দেশ ছাড়ার সুযোগ দেওয়া উচিত নয়। তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি। তারা ভোট দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে। নির্বাচনের আগে বিএনপি বলেছিল, ‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু এখন দেখা যাচ্ছে, তাদের অবস্থান ‘সবার আগে ক্ষমতা, সবার আগে বিএনপি’। এভাবে চললে জনগণ তা মেনে নেবে না।

তিনি অভিযোগ করেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার ৩১ দফা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা থেকে সরে এসেছে। তার ভাষায়, বর্তমানে চাঁদাবাজি, দখলবাজি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে মামলায় হয়রানির ঘটনা বাড়ছে।

হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আগাম বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার হাওরে মাছ ধরা বন্ধ রাখলেও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কোনো প্রণোদনার ব্যবস্থা করেনি। ভারতের উজান থেকে আসা পানিতে ফসল নষ্ট হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হাওরবাসীর দুর্ভোগ উপলব্ধি করতে সংসদের ৩০০ সংসদ সদস্যের সেখানে গিয়ে পরিস্থিতি দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ, কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। সভা শেষে কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগকে নেত্রকোনা পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে সমর্থন ও ভোট কামনা করা হয়।