কিশোরগঞ্জ শহরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ তুহিন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়া পুলিশের টহলদলের সদস্যরা দেখতে পান, নিহত শিশুটি আর কেউ নয়—ওই টহলদলেরই গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তুহিন (১০) কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে স্থানীয় গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তানিয়া নাজনীন জানান, সকালে থানায় একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে জানানো হয় যে জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়েই থা‌নার একটি টহলদল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুর্ঘটনায় যার সন্তান নিহত হয়েছে, সেই পুলিশ সদস্য শামসুল হক নিজেই ওই টহলদলের গাড়িটি চালিয়ে ঘটনাস্থলে যান।

ঘটনাস্থলে পৌঁছে সহকর্মীদের সঙ্গে শামসুল হকও দেখতে পান, চাকার নিচে পিষ্ট হয়ে পড়ে থাকা শিশুটি তারই সন্তান তুহিন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় ঘুরতে বের হয়েছিল তুহিন। এ সময় একটি দ্রুতগামী সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। চালককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।