বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন খন্দকার আবদুল মুক্তাদির।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও বর্তমানে দেশের বাজারে তেলের দাম বাড়ানোর কোনো চিন্তা সরকারের নেই।
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, এই শুল্ক আরোপের ফলে আগের অবস্থার তুলনায় বাস্তবে কোনো পরিবর্তন ঘটেনি।
মন্ত্রী ব্যাখ্যা করে বলেন, যুক্তরাষ্ট্রের পূর্বের যে শুল্কনীতি বলবৎ ছিল, দেশটির নিজস্ব আইন অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় একই হারে শুল্ক অব্যাহত থাকবে, তবে তা নতুন নামে কার্যকর হবে। ফলে এটিকে নতুন শুল্ক আরোপ না বলে পুরোনো শুল্কের পুনঃস্থাপন (রিপ্লেসমেন্ট)।
তিনি জানান, আগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল, আইনি বাধ্যবাধকতার কারণে তা ১৫০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। আগের শুল্কের মেয়াদ শেষ হলেই নতুন শুল্ক কার্যকর হবে। শুক্রবার রাত ১২টার পর থেকে ভিন্ন নামে হলেও শুল্কহার আগের মতোই বহাল থাকবে বলে মন্তব্য করেন তিনি।
এদিন আয়োজিত ক্যাম্পে অন্তত ১০০ জন চা-শ্রমিককে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন চা-শ্রমিক ও তাদের সন্তানরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতারা।