ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আজ শুক্রবার এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনীপ্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর তিনি নৌসদর দপ্তরে গমন করেন, যেখানে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ তাঁকে অভ্যর্থনা জানান। নৌবাহিনীর একটি সুসজ্জিত দল ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে গার্ড অব অনার প্রদান করলে তিনি তা পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন খোন্দকার মিসবাহ উল আজীম। প্রধানমন্ত্রী তাঁকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

আইএসপিআরের ফেসবুক পেজে আরও বলা হয়, "প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমাসহ সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী, আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তুলতে নৌবাহিনীপ্রধান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার, রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ নৌবাহিনীপ্রধান।"