রাজধানীর ভাটারায় একটি বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের দুই সদস্য প্রাণ হারিয়েছেন। মৃতরা হলেন ২৫ বছর বয়সী আনোয়ার হোসেন শাহিন এবং তাঁর ৮ বছর বয়সী ভাগনি হাফসা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান আজ শুক্রবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশু হাফসার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান আনোয়ার।
আহতদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসক শাওন বিন রহমান মুক্তকণ্ঠকে বলেন, "হাফসার শরীরের ৪০ শতাংশ ও আনোয়ারের শরীরের ৫০ শতাংশ পুড়েছিল।"
একই ঘটনায় দগ্ধ আনোয়ারের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই চিকিৎসক। তিনি বলেন, "ফাহিমার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।" বর্তমানে ফাহিমা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
গত মঙ্গলবার ভোরে ভাটারায় নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের পর আগুনের ঘটনায় এই দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগী ও প্রতিবেশীদের ধারণা, সিলিন্ডারের ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে আসার ফলে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, আনোয়ার ঢাকায় একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন। ছয় মাস আগে বিয়ের পর স্ত্রী ফাহিমাকে নিয়ে তিনি ভাটারার ভাড়া বাসায় বসবাস শুরু করেন। ঘটনার সময় তাঁর ভাগনি হাফসা ওই বাসায় বেড়াতে এসেছিল।