গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থানের কারণে তিনি এবং তাঁর স্ত্রী হত্যার হুমকির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি।

মার্কিন সংবাদমাধ্যম রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র জোহরান মামদানি বলেন, ‘মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। তবে আপনি যখন সবার পক্ষে কোনো কিছু রুখে দাঁড়াতে প্রস্তুত থাকবেন, তখন তার কিছু পরিণতি তো থাকবেই।’

তিনি আরও উল্লেখ করেন যে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালীন সময়েও তিনি একই ধরনের হুমকির শিকার হয়েছিলেন। মূলত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা এবং ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার তীব্র সমালোচনা করার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।

জোহরান মামদানি জানান, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বেই এই হুমকি আসা শুরু হয়েছিল এবং দায়িত্ব নেওয়ার পরও তা অব্যাহত রয়েছে। গাজা ও ইসরায়েল নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি প্রকাশের ফলে তাঁর স্ত্রীকেও বিভিন্ন সমালোচনা ও হুমকির মুখে পড়তে হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে, দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে মেয়র মামদানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তাঁর বিচার দ্য হেগে হওয়া উচিত।

তবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক নগরের নেই বলে বিষয়টি পরিষ্কার করেন তিনি। তাঁর মতে, এ ধরনের যেকোনো পদক্ষেপের দায়ভার সম্পূর্ণভাবে মার্কিন কেন্দ্রীয় সরকারের ওপর বর্তায়।