ফেনীর পরশুরাম উপজেলায় একটি ফ্ল্যাট থেকে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা গেট সংলগ্ন সড়কের কাদের টাওয়ারের তিনতলার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম ফারহানা আক্তার ওরফে প্রিয়া। সে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। পুলিশ জানিয়েছে, লাশটি উদ্ধারের সময় পাশে একটি চিরকুট পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটে বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন তালুকদার ও তাঁর স্ত্রী জাহেদা আক্তার বসবাস করেন। জাহেদা আক্তার স্থানীয় কেতরাঙ্গা মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। গত তিন বছর ধরে তাঁদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল ফারহানা। গতকাল সকালে ফারহানাকে বাসায় রেখে বিদ্যালয়ে যান জাহেদা আক্তার। সন্ধ্যায় বিদ্যালয় থেকে ফিরে তিনি কলিং বেল টিপলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। এরপর স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফারহানার লাশ ঝুলছে। তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে মৃত্যুর বিষয়ে সরাসরি কিছু উল্লেখ নেই। চিরকুটটির সঙ্গে মৃত্যুর কোনো সংশ্লিষ্টতা আছে কি না এবং হাতের লেখাটি ওই কিশোরীর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, "সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া আলামতের সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।"