রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সংক্রান্ত জোরালো আলোচনার মধ্যেই থাইল্যান্ডের ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ঢাকায় ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের জরুরি আহ্বানে সফর সংক্ষিপ্ত করে আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে তার। এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে যান স্পিকার।
সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতির পদত্যাগের যে গুঞ্জন তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই স্পিকারের এই জরুরি ফিরে আসা।
বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তবে স্পিকারের কাছেই স্বহস্তে লিখিত ও স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হয়। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তাই স্পিকারের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তাছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
ফলে, রাষ্ট্রপতি যদি সত্যিই পদত্যাগ করেন, তবে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদকেই সামলাতে হবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব।