কুষ্টিয়ার দৌলতপুরে সামিরুল শাহ নামে এক বৃদ্ধ চা-বিক্রেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সামিরুল শাহ (৬০) উপজেলার তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তার শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সামিরুল শাহ পেশায় চা-বিক্রেতা ছিলেন এবং তাদের পরিবার দীর্ঘদিন ধরে ধর্মদহ এলাকায় বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে একটি মাঠের বাঁশের মাচার ওপর সামিরুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।