নোয়াখালীর সেনবাগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেনবাগ-সোনাইমুড়ী সড়কের ছাতারপাইয়া ইউনিয়নের কোটের বাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম আল আমিন (২৫)। তিনি উপজেলার ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণ পাড়ার কারী আব্বাসের ছেলে। সম্প্রতি কাতার থেকে দেশে ফিরে গত সোমবার বিয়ে করেছিলেন তিনি। গায়েহলুদ অনুষ্ঠানে হাতে লাগানো মেহেদির রং মুছতে দেরি হয়নি, তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় আল আমিন মোটরসাইকেলে করে ছাতারপাইয়া গ্রাম থেকে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিলেন। কোটের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সজোরে ছিটকে সড়কে পড়ে যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ছাতারপাইয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন মুক্তকণ্ঠকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, "ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
স্থানীয় বাসিন্দা জসীমউদ্দিন জানান, আল আমিনের বিয়ে হয়েছিল মাত্র তিন দিন আগে। গতকাল পর্যন্ত তাঁর বাড়িতে বিয়ের উৎসব চলছিল। নববিবাহিত স্ত্রী এবং বৃদ্ধ বাবা-মায়ের আহাজারিতে পুরো এলাকায় এখন শোকের পরিবেশ বিরাজ করছে।