এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মো. ওবায়দুর রহমানকে বিএনপির সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ওবায়দুর রহমানের সঙ্গে এক নারীর পাঁচ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বহিষ্কারের পর এ বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে এর আগে তিনি দাবি করেছিলেন, ভিডিওটি এআই দিয়ে বানানো।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর দলীয়ভাবে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পরই জরুরি সভা ডেকে ওবায়দুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।