নোয়াখালীর সেনবাগে বিয়ের তিন দিন পরই মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন (৩০) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে।
স্থানীয়রা জানান, আল আমিন তার বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে নিজেদের ওষুধের ব্যবসা দেখভাল করতেন। গত সোমবার (২০ জুলাই) পারিবারিকভাবে তার বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে সোনাইমুড়ী থেকে বাড়ি ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। বিয়ের আনন্দের আমেজ কাটতে না কাটতেই এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষেই এ দুর্ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।