যশোরের শার্শায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশুটির বাবার বাড়ির পাশে একটি মুদি দোকান রয়েছে। শিশুকন্যাকে দোকানে বসিয়ে রেখে সকালের নাস্তা করার জন্য বাড়ির ভেতরে যান বাবা। এ সময় অভিযুক্ত কিশোর দোকানে এসে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।
পরে দোকানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে স্থানীয়রা ওই কিশোরকে শনাক্ত করে। স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে বাড়ি থেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত কিশোরকে থানায় আনা হয়। শিশুটি ভয়ে অসুস্থ্য হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই কিশোরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।