পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ইউনিয়ন কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা এবং ব্যানারে রাজনৈতিক স্লোগানসহ তিন জামায়াত নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুলসংলগ্ন জামায়াতের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও জামায়াত নেতাকর্মীরা জানান, সকালে কার্যালয়টির সামনে গাড়ির টায়ারে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে হাতে লেখা বেশকিছু হুমকিমূলক ও আপত্তিকর পোস্টার পাওয়া যায়। একটি পোস্টারে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে—এমন স্লোগান লেখা ছিল।

পোস্টারগুলোতে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন জামায়াতের সভাপতি মেহেদী হাসান, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি রাকিব চাপরাশি এবং সাধারণ সম্পাদক সাইফুলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জামায়াত নেতারা।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিকেলে জানান, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।