কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে একটি দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া সুপারের নাম সাইদুর রহমান। তিনি উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান ভুয়া বা জাল সনদ ব্যবহার করে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় একজন শিক্ষককে নিয়োগ দেন। পরবর্তীতে এই জালিয়াতির ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সুপার সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। কিন্তু সমন পাওয়ার পরও তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়। পরোয়ানা জারির পর অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতিসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। স্থানীয়ভাবে নিজের অপকর্ম ধামাচাপা দিতে তিনি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক হিসেবেও পরিচয় দিতেন।

বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন জানান, আদালতে দায়ের করা মামলার ওয়ারেন্টের ভিত্তিতেই মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।