পাবনার আমিনপুরে একটি বিদ্যালয়ের বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আহম্মেদপুর ইউনিয়নের শহীদ স্মরণিকা উচ্চবিদ্যালয়ের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ৬৫ বছর বয়সি ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তিকে প্রায়ই বিদ্যালয়ের বারান্দায় ঘুরে বেড়াতে দেখা যেত। তিনি মূলত ভবঘুরের মতো জীবনযাপন করতেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা তাকে বারান্দায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি অনিয়মিত খাওয়া-দাওয়া ও ভবঘুরে জীবনযাপন করতেন।
ওসি আরও জানান, মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে। নিহতের স্বজনদের সন্ধান না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।