মৌলভীবাজারের কুলাউড়ায় নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় খাল খনন প্রকল্পের অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। টানা বৃষ্টির কারণে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে কুলাউড়া উপজেলার ভূকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী ‘আন ফানাই’ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই প্রকল্পের আওতায় ৩ দশমিক ০৯ কিলোমিটার অংশ খননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

তবে কাজের গুণগত মান বজায় রেখে মাত্র ৭৫০ মিটার খননকাজ সম্পন্ন করতেই প্রায় ৩২ লাখ টাকা ব্যয় হয়। এরপর টানা বৃষ্টির কারণে প্রকল্পের অবশিষ্ট অংশের কাজ চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। ফলে কাজ সম্পূর্ণ না হওয়ায় অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী কোষাগারে ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের প্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করে কাজ বাস্তবায়ন করা হয়েছে। কাজ শেষে যে অর্থ অব্যবহৃত ছিল, সরকারি বিধি অনুযায়ী তা কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে অসমাপ্ত থাকা খননকাজটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে নতুন করে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।