চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ ক্রেতা ও পথচারীদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। বরফের স্তূপের ওপর রাখা এই সামুদ্রিক মাছটি দেখার জন্য ভিড় করছেন অনেকেই; কেউ ছবি তুলছেন, আবার কেউ জানতে চাইছেন মাছটির ওজন ও দাম সম্পর্কে। আজ বৃহস্পতিবার সকালে মাছ বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন মাছটি বাজারে নিয়ে আসেন।
আনোয়ার হোসেন জানান, সুন্দরবন উপকূলসংলগ্ন সাগরে একটি ট্রলারে মাছটি ধরা পড়ে, যা পরবর্তীতে সংগ্রহ করে চট্টগ্রামে আনা হয়। তিনি জানান, ২০১৯ সালের পর এত বড় কোরাল আর পাননি এবং চার থেকে পাঁচ বছর পর পুনরায় এমন একটি মাছ বাজারে তুলতে পেরেছেন। আগ্রহী ক্রেতাদের তিনি আগাম বুকিং দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাজার সূত্রে জানা গেছে, বড় আকৃতির কোরাল খুব কমই বাজারে আসে, তাই এই মাছটি দেখার জন্য মানুষের ভিড় জমেছে। আগামী শনিবার সন্ধ্যায় মাছটি কেটে বিক্রি করা হবে। প্রতি কেজির দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করায় ১৫৫ কেজির পুরো মাছটির মোট দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
জেলা মৎস্য দপ্তরের মতে, মাছটির শরীর চ্যাপ্টা ও তুলনামূলক গোলাকার। পিঠের ও পেছনের পাখনা লেজের দিকে বিস্তৃত হওয়ায় দূর থেকে একে তিনটি লেজযুক্ত মাছ মনে হয়। এছাড়া মাথা ও মুখ তুলনামূলক ছোট এবং গায়ে বাদামি রঙের ছোপ রয়েছে, যা কই-কোরালের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে নিশ্চিত না হয়ে এর বৈজ্ঞানিক নাম বলা সম্ভব নয়।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম মুক্তকণ্ঠকে বলেন, ‘কোরাল বাংলাদেশের সামুদ্রিক মাছের মধ্যে অন্যতম মূল্যবান প্রজাতি। কোরালের অনেক জাত রয়েছে। ছবি দেখে মনে হয়েছে এটি কোরাল শ্রেণির মাছ। অনেকে একে কই-কোরালও বলেন। সুন্দরবন এলাকায় ধরা পড়েছে বলে শুনেছি। এখন মাছটি চট্টগ্রামের বাজারে এসেছে।’