জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মো. আফতাব মজুমদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপির চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠায় দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে মো. আফতাব মজুমদারকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৩ জুলাই থেকেই এই আদেশ কার্যকর হয়েছে। এখন থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে উক্ত ব্যক্তির কোনো প্রকার সম্পর্ক থাকবে না।
বুধবার (২২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সবুজ মাহমুদ জানান, নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এনসিপির চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় মুক্তকণ্ঠকে বলেন, মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়ে কেন্দ্র অবহিত আছে।