বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য আফতাব মজুমদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, "দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আফতাব মজুমদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী মহানগর কমিটির জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে তাঁকে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।"
এনসিপি চট্টগ্রামের দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, "আদেশটি আজ থেকে কার্যকর হবে। এর পর থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে আফতাব মজুমদারের সম্পর্ক থাকবে না।"
এর আগে গতকাল বুধবার নগরের হালিশহর এলাকা থেকে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করে র্যাব। এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন, যার ফলে ওই তরুণী থানায় মামলা দায়ের করেন।