চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও বৃদ্ধি করেছে আদালত। প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত ছিল আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)। তবে সিআইডির পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ আজ প্রতিবেদন দাখিল করতে পারেননি। এই পরিস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা নতুন তারিখ ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম নিশ্চিত করেছেন যে, এ নিয়ে মোট আটবার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হলো।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। তাঁর মৃত্যুর ‘প্রকৃত কারণ’ নিয়ে দীর্ঘ সময় ধরে নানা আলোচনা ও জল্পনা চলে আসছে। মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় আসামি হিসেবে নাম এসেছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদের।