পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৩ জনসহ মোট ১৭ জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।"
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ২ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের তালিকায় রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন এবং সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিআইডির মোহাম্মদ সরোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের এ কে এম ইকবাল হোসেন, এপিবিএনের সহেলী ফেরদৌস, সারদার বিপিএর মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের (কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল) ফয়সল মাহমুদ, পুলিশ অধিদপ্তরের কানিজ ফাতেমা, নৌ পুলিশের জেসমিন বেগম এবং ডিএমপির অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিন।
এছাড়া তালিকায় স্থান পেয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এবং টিডিএস পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।