এক সময় বর্ষাকালে গানের অনুষ্ঠানের প্রচলন খুব একটা ছিল না। তবে গত কয়েক বছর ধরে এই মৌসুমেও নিয়মিত কনসার্ট ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ে অনুমতি জটিলতা এবং ভেন্যুসংকটসহ নানা কারণে এসব আয়োজন কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও, সেই বাধা কাটিয়ে আবারও জমে উঠছে বর্ষার গান। আগামী ২৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ঢাকায় মোট ছয়টি কনসার্টের পরিকল্পনা করা হয়েছে, যেখানে মঞ্চ মাতাবেন দেশি-বিদেশি জনপ্রিয় তারকারা।
আগামী ২৪ জুলাই রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট। গত ১৩ ডিসেম্বর সব প্রস্তুতি শেষে এবং টিকিট বিক্রি চলাকালীন নিরাপত্তার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল। তবে এবার সব ধরনের অনুমতি মিলেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। আতিফ আসলামের পাশাপাশি এই কনসার্টে গান গাইবেন দেশের আলোচিত ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন।
একই দিনে, ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানানো হবে। এরপর তিনি তাঁর পছন্দের ১০টি গান পরিবেশন করবেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আবদুল হাদীকে সম্মাননা জানিয়েছিল। তবে আগের আয়োজনগুলো আমন্ত্রিত দর্শকদের জন্য হলেও, রুনা লায়লার এই অনুষ্ঠানটি টিকিট কিনে উপভোগ করা যাবে। শিল্পকলা একাডেমির জানানো মতে, টিকিট বিক্রির অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই, তিন ও পাঁচ হাজার টাকা।
তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা আগামী ৩০ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গাইবেন রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে। ‘মেলোডি মোজাইক: মোজি অ্যান্ড কোং’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজক নূরস ইভেন্ট। টিকিটের মূল্য দুই হাজার টাকা।
৩১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে দুটি ট্রিবিউট কনসার্ট। পপ কিং মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওয়ারফেজ আয়োজন করছে ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ কনসার্ট, যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। ব্র্যান্ডমিথ ও মার্স অ্যান্ড কো-এর যৌথ আয়োজনে এই কনসার্টের টিকিটের দাম ১ হাজার ৫০০, ২ হাজার ও ৫ হাজার টাকা।
একই দিনে বনানীর বাটারনোট ক্যাফেতে অঞ্জন দত্তকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’ কনসার্ট। আজব কারখানার আয়োজনে এই অনুষ্ঠানে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। অঞ্জন দত্তের গানের পাশাপাশি তাঁরা নিজেদের গানও পরিবেশন করবেন। টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অন স্পট টিকিটের দাম ১ হাজার টাকা।
সবশেষে, নানা জটিলতা কাটিয়ে ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। তাঁর ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টটি গত ২৬ জুন একই ভেন্যুতে হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল। তবে এবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে, যদিও টিকিটের দাম এখনো প্রকাশ করেননি আয়োজকেরা।