জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একই সাথে তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে মোজাফফর হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো এবং দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশে বলেন, "আগের আদেশের ভিত্তিতে আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো। পাশাপাশি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে দুই কর্মদিবসে তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো।"
আদালত মোজাফফর হোসেনকে সেনা হেফাজতে রাখার আদেশ দিয়েছেন। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফরকে আজ হাজির করার জন্য গত ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশ দিয়েছিল। সেই অনুযায়ী আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাঁকে ট্রাইব্যুনালে এনে হাজতখানায় রাখা হয়।
চিফ প্রসিকিউটরের করা ট্রাইব্যুনাল-২-এর ‘মিস কেস ১/২৬’ মামলায় মোজাফফর হোসেনকে আনা হয়েছে। এই মামলার অপর আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
অন্যদিকে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পলাতক মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারের পরদিন তাঁকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর তৎকালীন মেজর মোজাফফরের বর্তমান বয়স ৭৭ বছর।