নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট পড়তে যাওয়া এক ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর শিক্ষিকার বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যেত। গতকাল সন্ধ্যায়ও সে পড়তে যায়। সেই সময় শিক্ষিকা এবং তাঁর মা বাড়িতে ছিলেন না। বাড়িতে একা থাকা কামাল উদ্দিন (৫০) ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। কামাল উদ্দিন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক এবং তিনি ওই শিক্ষিকার বাবা।

ঘটনার পর ওই ছাত্রী বাড়ি ফিরে তার মাকে সবকিছু জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত কামাল উদ্দিনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান মুক্তকণ্ঠকে বলেন, "ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গতকাল রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।"

ভুক্তভোগী কিশোরীর বিষয়ে ওসি আরও জানান, "স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে আজ হাসপাতালে নেওয়া হবে। আর ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হবে।"

পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হবে এবং এরপর ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।