নওগাঁর পত্নীতলায় ‘স্বপ্নভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সমিতি থেকে পাওনা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে উপজেলার নজিপুর পৌরসভার নতুনহাট চার রাস্তার মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় আন্দোলনকারীরা সমিতির পরিচালনা পর্ষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে দুই শতাধিক গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন। তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পাওনা টাকা ফেরত ও সমিতির কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানান।

.

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ২০২৪ সালের আগস্ট থেকে সমিতিতে জমানো আমানতের টাকার বিপরীতে গ্রাহকদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। সমিতিতে জমানো আমানতের টাকা ফেরত চাইতে গেলে তা দেওয়া হচ্ছে না। প্রায় দুই বছর ধরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার নামে মালিকপক্ষ গড়িমসি করছে।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী গ্রাহক আবু বক্কর সিদ্দিক, আসাফউদ্দৌলা চৌধুরী (টগর), রোকসানা পারভীন (লাকি), নূর ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ২০২০ সালে নজিপুর পৌরসভার নতুনহাট বাসিন্দা ওবায়দুল ইসলাম নান্টু, আপেল মাহমুদসহ কয়েকজন মিলে স্বপ্নভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড স্থাপন করেন। নতুনহাট এলাকার চৌরাস্তার মোড় এলাকার একটি বাড়িতে সাইনবোর্ড টানিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করা হতো। কার্যালয়ে সমিতির পরিচালনা পর্ষদের সভাপতি ওবায়দুল হক নান্নু, সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ কয়েকজন কর্মকর্তা বসতেন।

.

বিভিন্ন তফসিলি ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে বেশি লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা নিতে শুরু করে প্রতিষ্ঠানটি। প্রথম দিকে গ্রাহকদের আমানতের বিপরীতে লভ্যাংশও দেওয়া হচ্ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে লভ্যাংশ দেওয়া বন্ধ হয়ে যায়। এর পর থেকে লভ্যাংশসহ আমানতের টাকা ফেরত চেয়ে সমিতির গ্রাহকেরা সমিতির মালিকপক্ষকে চাপ দিতে শুরু করে। এরপর ২০২৫ সালের মার্চ থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় করে দেওয়া হয়।

এ অবস্থায় গ্রাহকেরা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও পাওনা টাকা ফেরত পাচ্ছেন না। দীর্ঘ দিন ধরে আমানতের টাকা ফেরত না পেয়ে গ্রাহকদের অনেকেই মানবেতর জীবন যাপন করছেন।
অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় অভিযোগ করেছেন আবু বক্কর সিদ্দিক নামের এক গ্রাহক।

মানববন্ধনে উপস্থিত হয়ে অভিযোগকারী আবু বক্কর সিদ্দিক বলেন, তিনি ২০২০ সালে প্রতিষ্ঠানটি আমানত হিসেবে ১৬ লাখ টাকা জমা রাখেন। তিনি ছাড়াও স্বপ্নভূমি ক্ষুদ্র সমবায় সমিতিতে দুই শতাধিক গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা জমা রয়েছে। প্রতিষ্ঠানটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য কর্মকর্তাদের আইনের আওতায় এনে গ্রাহকদের জমানো টাকা ফেরত দেওয়ার দাবি জানান তিনি।

.
মানববন্ধনের কর্মসূচি ঘোষণার পর আন্দোলনে অংশ নিলে মারধর ও প্রাণনাশ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আমরা এখন টাকা ফেরত পাওয়া দূরের কথা, এখন নিজের জীবন নিয়েই শঙ্কায় আছি।
রোকসানা পারভীন, ভুক্তভোগী গ্রাহক
.

ভুক্তভোগী রোকসানা পারভীন অভিযোগ করেন, ‘মানববন্ধনের কর্মসূচি ঘোষণার পর আন্দোলনে অংশ নিলে মারধর ও প্রাণনাশ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আমরা এখন টাকা ফেরত পাওয়া দূরের কথা, এখন নিজের জীবন নিয়েই শঙ্কায় আছি। আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

অভিযোগের বিষয়ে স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়িকভাবে আমরা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছি। এ কারণে নির্ধারিত সময়ে টাকা পরিশোধে সমস্যা হয়েছে। তবে আমরা গ্রাহকদের ধৈর্য ধরতে বলেছি এবং পর্যায়ক্রমে সবার পাওনা পরিশোধের চেষ্টা করছি। ইতিমধ্যে অনেক গ্রাহককে লভ্যাংশও দেওয়া হয়েছে।’

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক বলেন, স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।