নীলফামারীর ডোমারে মাদকসেবনের সময় মামা-ভাগনেসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (২২ জুলাই) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চিলাহাটি প্রধানপড়া এলাকার এরশাদুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২৪) এবং একই এলাকার লোকমান হোসেনের ছেলে লিটন ইসলাম (২২)। তারা সম্পর্কে মামা-ভাগনে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি এলাকায় অভিযান চালায় ডোমার থানা পুলিশ। অভিযানকালে মাদকসেবনরত অবস্থায় ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তারা নিজেরাও দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিলেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, মাদকসেবন ও বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।