দেশের স্মার্টফোন বাজারে ‘গ্যালাক্সি এ৩৭ ৫জি’ মডেলটির দাম কমানোর ঘোষণা দিয়েছে স্যামসাং। কোম্পানিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্যালাক্সি এ৩৭ ৫জি-র ১২৮+৮ জিবি সংস্করণের দাম ৪ হাজার ৩০০ টাকা হ্রাস করা হয়েছে। আগে এই মডেলটির দাম ছিল ৫৯ হাজার ২৯৯ টাকা, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯৯৯ টাকায়। একইসঙ্গে ফোনটির ২৫৬+৮ জিবি সংস্করণের দাম ৬৭ হাজার ৭৯৯ টাকা থেকে কমিয়ে ৫৭ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে স্যামসাং বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মধ্যেই গ্রাহকদের জন্য নতুন গ্যালাক্সি এ৩৭ ৫জির দাম কমানোর উদ্যোগ নিয়েছে স্যামসাং। গ্যালাক্সি সিরিজের আধুনিক সুবিধা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই এ মূল্যছাড়ের মূল উদ্দেশ্য।"

ফোনটির ক্যামেরার কথা উল্লেখ করে জানানো হয়েছে, এর পেছনে ৫০, ৮ ও ৫ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকায় সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। এছাড়া ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত এই স্মার্টফোনটিতে ‘অসাম ইন্টেলিজেন্স’ ফিচার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ছবির অবাঞ্ছিত ব্যক্তি বা স্থাপনার দৃশ্য মুছে ফেলা সম্ভব। পাশাপাশি এডিট সাজেশন টুলের সাহায্যে সহজে ছবি ও ভিডিও সম্পাদনা করা যাবে ফোনটিতে।