এক দিনেই সরাসরি সাক্ষাৎকার এবং চাকরির সুযোগ পেতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেয়ার-২০২৬'। দিনব্যাপী এই বিশেষ আয়োজনে অংশ নেবে এক শর বেশি নিয়োগদাতা প্রতিষ্ঠান।
আগামী ১৮ আগস্ট রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই চাকরি মেলার আয়োজন করছে আকিজ রিসোর্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নেক্সটজবজ। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুরো আয়োজনটি দুটি পৃথক ভাগে বিভক্ত থাকবে। কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হবে 'ক্যারিয়ার সামিট', যেখানে প্যানেল আলোচনা ও বিভিন্ন অধিবেশনে শিল্প বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক নেতারা কর্মসংস্থানের সাম্প্রতিক ধারা, নেতৃত্ব ও পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। একই সময়ে কনভেনশন হল-১ এ অনুষ্ঠিত হবে 'চাকরি মেলা'। এখানে দেশি ও বহুজাতিক এক শর বেশি প্রতিষ্ঠান বিভিন্ন পদে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগের জন্য উপস্থিত থাকবে।
চাকরি মেলার আকর্ষণ হিসেবে থাকছে ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, র্যাফেল ড্র এবং সবার জন্য উন্মুক্ত নেটওয়ার্কিং সুযোগ। শিক্ষার্থী ও সদ্য স্নাতক থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী এবং ঊর্ধ্বতন নির্বাহী পর্যন্ত সব স্তরের মানুষ এই আয়োজনে অংশ নিতে পারবেন।
মেলায় নেক্সটজবজের দক্ষতা উন্নয়ন শাখা 'নেক্সটজবজ লার্নিংল্যাব'-এর বিশেষ উপস্থিতি থাকবে, যেখানে দর্শনার্থীরা বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে এটি সহায়ক হবে বলে জানানো হয়েছে। এছাড়া নেক্সটজবজ রিসোর্স প্রতিষ্ঠানের হেডহান্টিং, পে-রোল ব্যবস্থাপনা ও স্টাফিং সলিউশন বিভাগ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সেবা প্রদর্শন করবে। পাশাপাশি ঊর্ধ্বতন পর্যায়ের চাকরির খোঁজ করছেন এমন প্রার্থীদের জন্যও থাকবে বিশেষ সুযোগ।
'ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেয়ার ২০২৬'-এ প্রবেশের জন্য প্রার্থীদের আগে থেকে নেক্সটজবজ অ্যাপে নিবন্ধন করতে হবে। ভেন্যুতে কিউআর কোডের মাধ্যমে চেকইন ব্যবস্থা রাখা হবে।