গাজীপুরের কালীগঞ্জে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে আইশ্বিন ফুডস নামক প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গাজীপুর জেলা কার্যালয়ের এক যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানিয়েছে। গত সোমবার আইশ্বিন ফুডসের কারখানায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার। অভিযানে সাথে ছিলেন গাজীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, কালীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ সদস্যরা।
অভিযান চলাকালীন কর্মকর্তারা আইশ্বিন ফুডসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ পান। এর মধ্যে ছিল উৎপাদিত খাদ্যের লেবেলিংয়ে সঠিক ও সম্পূর্ণ তথ্যের অভাব, খাদ্য সংযোজন দ্রব্যের সংরক্ষণপদ্ধতি ও লেবেলিংয়ে ত্রুটি এবং সব খাদ্যপণ্য ঢেকে না রাখার ফলে কারখানার ভেতরে মাছির উপদ্রব। এছাড়া ব্রেডের মেয়াদ ৩০ দিন উল্লেখ করা হলেও সেটির সেলফ লাইফ স্টাডিসহ কোনো ল্যাব পরীক্ষার প্রমাণপত্র প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি। পাশাপাশি খাদ্য সংযোজন দ্রব্যের যথাযথ ম্যাটেরিয়াল ডেটা সেফটি শিট ও সার্টিফিকেট অব অ্যানালাইসিস সংরক্ষণ না করা, সংযোজন দ্রব্যের সঠিক পরিমাণের ব্যবহারের প্রমাণ না থাকা এবং খাদ্যপণ্যের চালান ও ক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়গুলো উঠে আসে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "আইশ্বিন ফুডসের এসব কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও নিরাপদ খাদ্য আইনের সুস্পষ্ট লঙ্ঘন।"
আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে তিন লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে অধিকতর পরীক্ষা–নিরীক্ষার জন্য কারখানায় উৎপাদিত খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করেছে অভিযানকারী দল।