বাগেরহাটে শেখ হাসিনার ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে বাগেরহাট পৌরসভার রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. শাহিন ফকির (১৮), মো. লিটন চাপরাশি (২২), মো. শামীম হোসেন (১৮), মো. রাতিন ইসলাম হৃদয় মোল্লা (১৮), মো. সিরাজ শেখ (১৮), মো. আরিফুল ইসলাম (১৮), মো. রিয়াদ শেখ (১৮), মো. নাজমুল হাসান (১৮), মাহিম হাওলাদার (১৮), আব্দুল কাইয়ুম (২১), মো. হাবিবুল্লাহ খান (১৯), অংকুন মালী (১৮), মেগনাথ মালী (১৮), নাজমুল তালুকদার ওরফে শাকিল (১৯), সাদমিন ফাহিম (১৭), রাব্বি তালুকদার (১৬) ও হাচান হাওলাদার (৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিছু যুবক একটি ব্যানার এবং মিছিলে ব্যবহারের জন্য বাঁশ ও কাঠের লাঠি নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিলের চেষ্টা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানার ও একাধিক লাঠি জব্দ করা হয়েছে। মোরেলগঞ্জ যুবলীগের সৌজন্যে তৈরিকৃত ওই ব্যানারে শেখ হাসিনার ছবি ও পুনঃপ্রত্যাবর্তনসংক্রান্ত রাজনৈতিক স্লোগান লেখা ছিল।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ব্যানার ও মিছিলে ব্যবহারের জন্য আনা লাঠি জব্দ করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।