দেশের তিন জেলায় পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মাগুরার মহম্মদপুরে বোনকে বাঁচাতে গিয়ে দুজন, বগুড়ার কাহালুতে দুই ভাই-বোনসহ তিনজন এবং কক্সবাজারের কুতুবদিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এসব ঘটনা ঘটে। বিস্তারিত মুক্তকণ্ঠের প্রতিনিধিদের সংবাদে-

বগুড়া

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো—ওই গুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার দিকে ফাহিম, সুরাইয়া ও জাকিরুল গুচ্ছগ্রামের একটি পুকুরে খেলতে নেমেছিল। একপর্যায়ে তারা সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। প্রায় এক ঘণ্টা পর পুকুরে জাকিরুলের চুল ভেসে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি চিৎকার দিলে আশপাশের লোক এসে জাকিরুল ও সুরাইয়ার লাশ উদ্ধার করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ফাহিমের লাশ উদ্ধার করেন।

শিশু ফাহিম ও সুরাইয়ার বাবা-মা জীবিকার তাগিদে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকেন। দুই ভাই-বোন গুচ্ছগ্রামে নানির কাছে থাকত। ঘটনার সময় নানি রান্নার কাজে ব্যস্ত ছিলেন।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মাগুরা

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুরা হলো—মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (৩) এবং তার ভাই আলিনুরের মেয়ে রাইসা (২)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে রাফিয়া ও রাইসা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে ছোট রাইসা অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে রাফিয়া পানিতে ঝাঁপ দিলে সে তলিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কক্সবাজার

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়াযে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় তানিয়া। উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার দুপুরে একই এলাকার দক্ষিণ ধুরুং ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায় দেড় বছর বয়সি শিশু বিজয়।