অবৈধ সম্পদ অর্জনের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার শুরুর প্রক্রিয়ায় নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত।

মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীরের আদালতে এই বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। তবে বিচারক ছুটিতে থাকায় আগামী ৩ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মীর আহমেদ আলী সালাম জানান, "আজ মতিউর রহমানকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হলেও আদালতে তোলা হয়নি।"

মামলার অভিযোগপত্র অনুযায়ী, মতিউর রহমান তাঁর সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি পদের প্রভাব খাটিয়ে, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক মতিউর রহমান এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে। পরবর্তীতে মতিউরের বিরুদ্ধে করা মামলাটিতে অভিযোগপত্র অনুমোদিত হয়।

২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তার করে, এরপর থেকে তিনি কারাগারে অবস্থান করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের কোরবানির ঈদ সামনে মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা মূল্যের একটি ছাগল কেনার ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেই ঘটনার পর থেকেই মূলত মতিউর রহমানের অবৈধ সম্পদের বিষয়টি প্রকাশ্যে আসে।