প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং বিমানবন্দরে অগ্রাধিকারভিত্তিক (প্রায়োরিটি) চেকইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতাধীন হোটেল-মোটেলেও প্রবাসীদের বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে ওইদিন বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয়’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ দুই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব। মুখে প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলা হলেও বাস্তবে তাঁদের অবদানের যথাযথ মূল্যায়ন সব সময় প্রতিফলিত হয় না। তাঁর মতে, ‘প্রবাসী কার্ড’ চালুর মাধ্যমে প্রবাসীদের কাজের স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষা আরও নিশ্চিত করা সম্ভব হবে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানান, প্রবাসীদের সেবার মান বৃদ্ধিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে শাটল বাসসেবা চালু করা হয়েছে। তিনি বলেন, “প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে প্রবাসী কার্ডধারীদের বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের জন্য প্রায়োরিটি চেকইন ও প্রায়োরিটি বোর্ডিং সুবিধা চালুর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকারের চালু করা প্রবাসী কার্ডের মাধ্যমেই এসব সুবিধা পাওয়া যাবে।
সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) মো. শাকিরুল ইসলাম খানসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।