চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি আবাসিক হোটেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত নেজাম উদ্দিন চট্টগ্রামের পটিয়া উপজেলার মৃত কবির আহমদের ছেলে। নিহত শাহনাজ বেগম (২২) ছিলেন তার স্ত্রী।

মামলার নথি অনুযায়ী, আট মাসের অন্তঃসত্ত্বা শাহনাজ বেগম অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার কথা বলে ২০১২ সালের সেপ্টেম্বরে তাকে পটিয়া থেকে চট্টগ্রাম নগরে নিয়ে আসেন নেজাম উদ্দিন। তবে হাসপাতালে ভর্তি না করে তাকে নগরের বহদ্দারহাট এলাকায় ‘হোটেল আল-রেজা’র ৩১৯ নম্বর কক্ষে রাখা হয়। পরে ওই কক্ষ থেকে শাহনাজের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালে নেজাম উদ্দিনের সঙ্গে শাহনাজ বেগমের বিয়ে হয়। বিয়ের পর শাহনাজ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার কথা বলে চট্টগ্রাম নগরে নিয়ে আসেন নেজাম। পরে হোটেল কক্ষে রেখে দেওয়া হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. আজগর আলী বাদী হয়ে নেজাম উদ্দিনকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ নেজামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। পরে ২০১৪ সালের ১৮ মার্চ মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়।