কুমিল্লার হোমনা থানা থেকে হাসপাতালে নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছেন মাদক মামলার এক আসামি। রোববার দিবাগত রাতে এই নাটকীয় ঘটনা ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাঁকে পুনরায় গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ইসমাইল মিয়া (৩৫)। তিনি হোমনা উপজেলার পঞ্চবটি সোলেমান শাহ মাজার এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে হোমনা উপজেলার পঞ্চবটি সোলেমান শাহ মাজার এলাকা থেকে ১৭টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ইসমাইল মিয়াকে আটক করেন স্থানীয় লোকজন। আটক হওয়ার পর তাঁকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। থানা হেফাজতে রেখে মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ইসমাইল জানান, মারধরের কারণে তিনি ভীষণ অসুস্থ বোধ করছেন।

আসামির অসুস্থতার কথা শুনে পুলিশ তাঁকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। তবে পথিমধ্যে সুযোগ বুঝে ইসমাইল থানা-সংলগ্ন তিতাস নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এবং স্থানীয়দের সহযোগিতায় তাঁকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, গ্রেপ্তার ইসমাইল মিয়াকে সোমবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।