সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।’
ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে আরও খোঁজখবর নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সব তথ্য যাচাই-বাছাই করার পর সাংগঠনিক বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরার শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে একটি কক্ষের ভেতর এক তরুণীর সঙ্গে সংসদ সদস্যকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।