বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সতর্ক করেছেন যে, গণভোটের ফলাফল বাতিল করার চেষ্টা করা হলে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে লালকার্ড ব্যবহার করবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথে অনুষ্ঠিত পথসভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মামুনুল হক বলেন, "হাসিনাকে জনগণ ছক্কা পিটিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তারেক রহমান সাহেব, আপনিও যদি একই পথে হাঁটেন, আপনার মুখপাত্রকে দিয়ে যদি বারবার গণভোটকে অবৈধ প্রমাণের অপচেষ্টা করে যান, আপনার অবস্থাও ভিন্ন কিছু হবে না।"
তিনি আরও বলেন, "আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন। এর মাধ্যমে যদি গণভোটের রায়কে বানচাল করতে চান, মনে রাখবেন—জনগণের হাতে লালকার্ড আছে।"
উল্লেখ্য, সকাল ৭টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলমান লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।