রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখে লংমার্চের সূচনা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গত ছয় মাসে বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোনো সাফল্য নেই’।
৬ দফা দাবিতে এই লংমার্চ কর্মসূচির প্রাক্কালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতৃত্ব।
সমালোচনার ধারাবাহিকতায় মঞ্জু জানান, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও ৩১ দফার স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা দলটির বর্তমান প্রশাসনিক কার্যক্রমে দেশবাসী ইতোমধ্যে গভীর হতাশায় ভুগছেন। তিনি প্রশ্ন তোলেন, গণভোটের রায় উপেক্ষা করা, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি ভেঙে তা বৃদ্ধি করা এবং দলীয়করণ না করার কথা বলেও ব্যাপকহারে দলীয়করণে নামা—এমন পরিস্থিতিতে জনগণ কীভাবে সরকারকে বিশ্বাস করবে?
মন্ত্রীমণ্ডল গঠন ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রেক্ষিতে মঞ্জু আরও বলেন, বিএনপিকে ভোট দিয়ে সাধারণ মানুষ এখন চরম আফসোস করছে। অসহনীয় লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলের যাতনায় ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে গালিগালাজ করতেও দ্বিধা করছে না। এসময় তিনি পুরোনো রাজনীতির বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও গালিগালাজের সংস্কৃতি ত্যাগ করে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম খালিদ হোসেন, আলতাফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, প্রচার কমিটি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক সেলিম খান ও ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক আব্দুল হালিম খোকন উপস্থিত ছিলেন।