রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশের মধ্য দিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের যাত্রা শুরু করেছে ১১ দলীয় রাজনৈতিক জোট। জোটভুক্ত দলগুলোর নেতাকর্মী ও সমর্থকরা এই কর্মসূচিতে যোগ দেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। সকাল ৭টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থলে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।
নেতৃত্বের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করা লংমার্চের পথে বিভিন্ন স্থানে জনসভা ও পথসভা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাক স্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরসরাই এবং চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হবে।
জামায়াতে ইসলামীর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনের আগে বিএনপি সংস্কার বিষয়ে গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করা হয়নি। সরকার জনগণের স্বার্থের বিপরীতে কাজ করছে বলে জোটের নেতারা অভিযোগ করেন। দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন। প্রশাসনে ব্যাপক দলীয়করণ ও অব্যবস্থাপনার ফলে রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়েছে। সংসদে বিরোধী দলের তুলে ধরা সমস্যার সমাধানে সরকার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমীসহ জোটের অন্যান্য নেতারা।