বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিরোধী দলের লংমার্চ কর্মসূচি প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "জনস্বার্থে রাজনীতি করলে শুধু গাড়ির সংখ্যা কমানো নয়, বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা।" বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার তারাকান্দা দক্ষিণ বাজারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম।

এমরান সালেহ দেশের বর্তমান জ্বালানি তেল ও গ্যাসের সংকটের প্রেক্ষিতে দীর্ঘ পথের কর্মসূচিতে হাজার হাজার গাড়ি চালানোর বিষয়টি জনস্বার্থের আলোকে বিশ্লেষণ করেন। তিনি জানান, কর্মসূচির বহরে ব্যবহৃত বিপুল পরিমাণ জ্বালানি যদি গণপরিবহন ও জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা যায়, তাহলে সরাসরি জনগণ উপকৃত হবে। রাজনীতি মানুষের জন্য; মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য নয়। বিরোধী দলের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, তারা কি সংকট সমাধান করতে চায়, নাকি সংকটকে আরও ঘনীভূত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

সমাবেশে তিনি আরও বলেন, "যারা মাইক্রোস্কোপ নিয়ে ছয় মাসের সরকারের ব্যর্থতা খুঁজে বেড়াচ্ছে, তারাই ব্যর্থ।"

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল হক, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব মহিবুল হক, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক, উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হজরত আলী, উত্তর জেলা তাঁতী দলের সদস্য সচিব রৌনক আহমেদ আজিজুর প্রমুখ। সমাবেশ শেষে সৈয়দ এমরান সালেহর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তারাকান্দার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের পৃথক আলোচনা সভায় এমরান সালেহ বলেন, "ছয় মাসেই যারা সরকারকে ব্যর্থ বলে তারা নিজেরাই ব্যর্থ; চোখ থাকতেও তারা অন্ধ।" তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ পুনর্গঠন ও জনকল্যাণে কাজ করছে। অথচ বিরোধী দল সরকারের কাজে সহযোগিতা করার পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুরভিসন্ধিমূলক রাজনীতি করছে।

সভায় বিএনপি নেতা আনোয়ারুল আজিজ টুটুল, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদক, সাধারণ সম্পাদক শিশির দেও, সহসভাপতি বিধান চন্দ্র বর্মন ও শুভ্রা পন্থ্রা, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল হাজংসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।