জনগণের অধিকার রক্ষায় সংসদের পাশাপাশি রাজপথে সোচ্চার থেকে সরকারকে সঠিক নিয়মে দেশ পরিচালনায় বাধ্য করাই দায়িত্বশীল বিরোধী দলের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে সমসাময়িক রাজনীতি ও বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘বিরোধী দল হিসেবে আমরা জনগণের দেওয়া রায় ও নির্বাচনকে মেনে নিয়ে সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়েছি। তবে রাজনৈতিক বিরোধিতা যদি কেবল সংসদের চার দেয়ালের ভেতরেই সীমাবদ্ধ থাকে, তবে জনগণের প্রকৃত রাজনীতি করা সম্ভব নয়। রাজপথে নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের সুনির্দিষ্ট দাবি ও অধিকারের পক্ষে কণ্ঠ মেলানোই একটি রাজনৈতিক দলের আসল দায়িত্ব।’

সরকারের আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘সরকারকে প্রশ্ন না করা বা যৌক্তিক বিতর্কে না জড়ানো যদি ভালো লক্ষণ মনে করা হয়, তবে কি আপনারা চান বিগত আওয়ামী লীগের আমলের গৃহপালিত ‘জাতীয় পার্টির’ মতো নামমাত্র আরেকটি বিরোধী দল গড়ে উঠুক? এটি দেশের গণতন্ত্র ও রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর।’

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে এনসিপির এই নেতা সতর্ক করে বলেন, ‘আমাদের উদ্দেশ্য কোনোভাবেই সরকার পতন নয়; বরং সংসদ ও রাজপথে গঠনমূলক ভূমিকা রেখে সরকারকে সঠিক লাইনে রাখা। কিন্তু বর্তমান বিএনপি সরকারের নীতিতে কিছু লাইনচ্যুত হওয়ার লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে। তাই দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের কাজ হলো সরকারের সেসব ভুলত্রুটি ধরিয়ে দেওয়া। সরকার যদি সংসদের বাইরে বিরোধী দলের সমালোচনার পথ রুদ্ধ করার চেষ্টা করে, তবে তা হবে বিএনপির নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারার শামিল।’

মাঠপর্যায়ের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে সারজিস আলম বলেন, ‘বিএনপির মাঠপর্যায়ের কিছু নেতাকর্মীর মধ্যে দলের আদর্শ ভুলে নিজ স্বার্থসিদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসন আর পরবর্তী দুই বছরের মবতান্ত্রিক পরিস্থিতি কাটিয়ে একটি রাষ্ট্রকে পুনর্গঠন করা মোটেই সহজ কাজ নয়। ফলে সরকারের ক্ষেত্রে ভুলত্রুটি হওয়াটা স্বাভাবিক, আর দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সেই ভুলগুলো চিহ্নিত করে সরকারকে লাইনে রাখাই আমাদের মূল কাজ।’