বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের ধারা অনুসরণ করে নিজেদের ওয়েবসাইটে এআই চ্যাটবট যুক্ত করেছে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘ডক্টরস২৪’। এর মাধ্যমে ব্যবহারকারীরা রোগ অনুযায়ী দ্রুত স্বাস্থ্যবিষয়ক তথ্য পাওয়ার পাশাপাশি উপযুক্ত চিকিৎসকের সন্ধান পাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্ল্যাটফর্মটির তথ্য অনুসন্ধান প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে ওয়েবসাইটের সার্চ বক্সে ‘এআই ডক্টর অ্যাসিস্ট্যান্ট’ নামের এই চ্যাটবটটি যুক্ত করা হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা সার্চ বক্সে প্রয়োজনীয় তথ্য লিখে অনুসন্ধান করলেই এই এআই চ্যাটবটটি স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট চিকিৎসক বা হাসপাতালের তথ্য দ্রুত প্রদান করবে, যা ব্যবহারকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
এ বিষয়ে ডক্টরস২৪ প্ল্যাটফর্মের চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, ‘এই এআই চ্যাটবটের লক্ষ্য চিকিৎসকের বিকল্প হওয়া নয়, বরং সাধারণ মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া। আমরা প্রযুক্তিকে এমনভাবে সমন্বিত করছি, যাতে একজন মানুষ খুব সহজেই সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শের আওতায় আসতে পারেন।’
ডক্টরস২৪-এর দেওয়া তথ্য অনুযায়ী, ‘এআই ডক্টর অ্যাসিস্ট্যান্ট’ চ্যাটবটটি কোনো রোগ নির্ণয়, চিকিৎসাপত্র প্রদান বা সরাসরি চিকিৎসকের বিকল্প হিসেবে পরামর্শ দেয় না। এটি মূলত নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখায়। প্ল্যাটফর্মটির বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইট ছাড়াও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।
উল্লেখ্য যে, ডক্টরস২৪ প্ল্যাটফর্মে বর্তমানে ৩৫০টির বেশি হাসপাতাল এবং ৫ হাজারেরও বেশি নিবন্ধিত চিকিৎসকের প্রোফাইল রয়েছে। এর ফলে ব্যবহারকারীরা রোগের ধরন অনুযায়ী সঠিক চিকিৎসক খোঁজার পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, রোগী দেখার সময় এবং হাসপাতালের অবস্থান সম্পর্কে সহজেই জানতে পারেন। এছাড়া বিভিন্ন রোগ, তা প্রতিরোধের উপায় এবং সাধারণ স্বাস্থ্যসচেতনতামূলক তথ্যও প্রদান করে এই প্ল্যাটফর্মটি।