অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের লক স্ক্রিন প্রযুক্তিতে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। এই দুর্বলতার সুযোগ নিয়ে ফোনের লক স্ক্রিন চালু থাকা অবস্থায় পিন দিয়ে আনলক না করেই জেমিনির মাধ্যমে এসএমএস পাঠানো সম্ভব হচ্ছে।

সাধারণত কোনো ব্যবহারকারী যদি গুগল মেসেজেসের মতো অ্যাপের জন্য জেমিনির অনুমতি বাতিল করে দেন, তবে ওই অ্যাপে পুনরায় প্রবেশের আগে অ্যান্ড্রয়েড সিস্টেম ফোনের পিন দিয়ে পরিচয় নিশ্চিত করতে বলে। তবে নিরাপত্তা গবেষকেরা লক্ষ্য করেছেন, স্ক্রিনের দুটি বাটন প্রায় একই সময়ে চাপলে এই নিরাপত্তা যাচাই প্রক্রিয়াটি এড়িয়ে যাওয়া যায়। এর ফলে পিন ছাড়াই জেমিনি এসএমএস পাঠাতে সক্ষম হয়। যদিও এই ত্রুটিটি নির্দিষ্ট কিছু বিশেষ পরিস্থিতিতেই কার্যকর হয়, তবে এটি লক স্ক্রিনের নিরাপত্তাব্যবস্থার একটি বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত হয়েছে।

গবেষকদের দাবি, এই ত্রুটির মাধ্যমে কেবল এসএমএস পাঠানোই নয়, জেমিনি থেকে বিচ্ছিন্ন করে রাখা কিছু অ্যাপ পুনরায় সংযুক্ত করা সম্ভব। উদাহরণ হিসেবে হোয়াটসঅ্যাপের কথা উল্লেখ করা হয়েছে। কোনো ব্যবহারকারী আগে জেমিনির সঙ্গে হোয়াটসঅ্যাপের সংযোগ বন্ধ করে রাখলেও এই ত্রুটির মাধ্যমে তা পুনরায় চালু করা যেতে পারে, যার জন্য ফোনের পিনের প্রয়োজন হয় না। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গুগল এখন পর্যন্ত কোন কোন মডেলের স্মার্টফোন এই সমস্যায় আক্রান্ত তা বিস্তারিতভাবে জানায়নি। তবে পিক্সেলসহ অ্যান্ড্রয়েড ১৬ চালিত বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোনে এই সমস্যা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি সামনে আসার পর গুগল জানিয়েছে, সমস্যাটির সমাধান প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে তা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। গুগল আরও জানিয়েছে, সফটওয়্যার হালনাগাদ প্রকাশের পর জেমিনি আর লক স্ক্রিনের নিরাপত্তা যাচাই এড়িয়ে সংবেদনশীল কোনো কাজ করতে পারবে না। আগের মতোই এ ধরনের কাজের আগে ফোনের পিন দিয়ে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে হবে। হালনাগাদ প্রকাশ না হওয়া পর্যন্ত যারা লক স্ক্রিন থেকে জেমিনি ব্যবহার করেন না, তারা চাইলে এই সুবিধা বন্ধ রাখতে পারেন।