ট্রেনে যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই ভাড়া আদায়ের প্রতিবাদ করার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রকে মারধরে অভিযোগ উঠেছে পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট পরীক্ষকদের (টিটি) বিরুদ্ধে। এর প্রতিবাদে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) সকালে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসসহ কোনো ট্রেনই ছেড়ে যেতে পারেনি। একই সঙ্গে রাজশাহীমুখী অন্যান্য ট্রেনের চলাচলও থমকে গেছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, আবার কেউ বাড়তি ভাড়া গুনে বিকল্প যানবাহনের খোঁজ করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পদ্মা এক্সপ্রেসে টিটির অনিয়মের প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। পরে অভিযুক্ত টিটি জোরপূর্বক তাকে একটি স্টেশনে নামিয়ে দেন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অভিযুক্ত টিটি সুমনকে দ্রুত হাজির করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলাসংলগ্ন রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনে আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের যাত্রী আমিনুল ইসলাম বলেন, সকাল থেকেই স্টেশনে বসে আছি, কিন্তু ট্রেন কখন ছাড়বে কেউ বলতে পারছে না। জরুরি কাজে ঢাকা যাওয়া খুব দরকার ছিল।

আরেক যাত্রী শারমিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ অফিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল। ট্রেন বন্ধ থাকায় সময়মতো পৌঁছাতে পারছি না। কর্তৃপক্ষের উচিত দ্রুত এ সমস্যার সমাধান করা, যাতে সাধারণ মানুষ এভাবে ভোগান্তিতে না পড়ে।

রেল অবরোধের কারণে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে রেলওয়ে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে। আশা করছি দ্রুতই একটা সমাধান বের হবে এবং ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার হয়নি, ফলে রাজশাহী স্টেশনে যাত্রীদের ভোগান্তি বেড়েই চলেছে।