কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রকাশ্যে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজীবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (২১ জুলাই) কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক চিঠিতে আকবর হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে, গত রোববার (১৯ জুলাই) সুজা উদ্দিন সজীবকে শোকজ নোটিশ পাঠানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সোনাগাজীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে মঞ্চেই স্থানীয় নেতাদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে, যা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে। ঘটনা তদন্ত শেষে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অব্যাহতিপত্রে বলা হয়, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না—তা নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিতভাবে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজের বিষয়ে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজীব বলেন, ‘আমি কী শৃঙ্খলা ভঙ্গ করেছি কেন্দ্র থেকে স্পষ্ট জানানো হয়নি। কথা বললে বিস্তারিত জানতে পারব। তবে যেহেতু আমি কর্মসূচির মূল আয়োজক ছিলাম এবং সেখানে বিশৃঙ্খলা হয়েছে, তাই হয়তো আয়োজনে ঘাটতির কারণে শোকজ করা হতে পারে।’

তবে সব অভিযোগ অস্বীকার করে অব্যাহতি পাওয়া নেতা আকবর হোসেন বলেন, ‘আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। আমি কোনো বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত ছিলাম না। যারা মূল অপরাধী, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে।’